গুরগাঁওয়ে ‘৩৭০ বিরিয়ানি’ কনটেন্ট বিতর্কে কৌতুকশিল্পী প্রণীত মোরে ও হিমাংশু জাংড়ার বিরুদ্ধে এফআইআর
গুরগাঁও, ১৭ জুন (হি.স.): স্ট্যান্ডআপ কমেডি শো চলাকালীন ভাইরাল হওয়া ‘৩৭০ বিরিয়ানি’ কনটেন্টকে কেন্দ্র করে কৌতুকশিল্পী প্রণীত মোরে ও ওয়েব ডেভেলপার হিমাংশু জাংড়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গুরগাঁও পুলিশ। অভিযোগ, ওই কনটেন্টে মহিলাদের নিয়ে আপত্তিকর ও
গুরগাঁওয়ে ‘৩৭০ বিরিয়ানি’ কনটেন্ট বিতর্কে কৌতুকশিল্পী প্রণীত মোরে ও হিমাংশু জাংড়ার বিরুদ্ধে এফআইআর


গুরগাঁও, ১৭ জুন (হি.স.): স্ট্যান্ডআপ কমেডি শো চলাকালীন ভাইরাল হওয়া ‘৩৭০ বিরিয়ানি’ কনটেন্টকে কেন্দ্র করে কৌতুকশিল্পী প্রণীত মোরে ও ওয়েব ডেভেলপার হিমাংশু জাংড়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গুরগাঁও পুলিশ। অভিযোগ, ওই কনটেন্টে মহিলাদের নিয়ে আপত্তিকর ও লিঙ্গভিত্তিক মন্তব্য করা হয়েছিল।

জাতীয় মহিলা কমিশন এই ঘটনায় কড়া অবস্থান নেওয়ার পরই হরিয়ানা পুলিশের ডিজি-কে চিঠি পাঠায়। সেই চিঠির ভিত্তিতে গুরগাঁও পুলিশ মামলা দায়ের করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক গুরুতর ও জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনে।

বুধবার কমিশন তাদের চিঠিতে জানিয়েছে, মহিলাদের সম্মতি, অধিকার এবং মর্যাদাকে অবজ্ঞা করে যৌন ইঙ্গিতপূর্ণ বা আধিপত্যবাদী মন্তব্যকে ‘হাস্যরস’ হিসেবে উপস্থাপন করা সম্পূর্ণভাবে নারীর মর্যাদার পরিপন্থী। এটি মৌলিক অধিকারের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিতর্কিত ভিডিও ও ডিজিটাল কনটেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে। পাশাপাশি ‘দ্য লাফ স্টোর’ নামের ওই ভেন্যুর এক ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ঘটনার পর হিমাংশু জাংড়াকে তার কোম্পানি চাকরি থেকে বরখাস্ত করেছে বলে জানা গেছে। অন্যদিকে বিতর্ক ছড়ানোর পর প্রণীত মোরে এবং হিমাংশু জাংড়া—উভয়েই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তবে এখনও পর্যন্ত তারা পুলিশ তদন্তে সরাসরি সহযোগিতা করেননি বা আনুষ্ঠানিকভাবে হাজির হননি।

ডিএলএফ ফেজ-২ থানার ইন্সপেক্টর কৃষ্ণকান্ত জানিয়েছেন, তদন্ত চলছে এবং ভাইরাল ভিডিওসহ সমস্ত ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের নোটিস পাঠানো হয়েছে এবং তদন্তে যোগ দিতে বলা হয়েছে। যেহেতু মামলায় জামিন অযোগ্য ধারাও রয়েছে, তাই প্রয়োজনে যেকোনো সময় তাদের আটক করা হতে পারে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল গুরগাঁওয়ের সাইবার সিটির ‘দ্য লাফ স্টোর’-এ একটি স্ট্যান্ডআপ শো অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই হিমাংশু জাংড়া এক মহিলাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং প্রণীত মোরে মঞ্চে উপস্থিত থেকে সেটিকে “পিক গুরগাঁও কনটেন্ট” বলে মন্তব্য করেন বলে অভিযোগ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande