
মুম্বই, ১৭ জুন ( হি.স.): দীর্ঘদিন ধরেই বয়স বৃদ্ধি এবং শারীরিক পরিবর্তন নিয়ে সমাজ মাধ্যমে চলছিল সমালোচনা। সেই সমালোচনার বিরুদ্ধে মুখ খুললেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। এক সাক্ষাৎকারে তিনি বলেন , বয়সের সঙ্গে শরীর এবং চেহারায় পরিবর্তন আসাটা অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু মানুষের কটূক্তির ভয়ে তিনি নিজের পছন্দের কাজ করা কখনই ছেড়ে দেবেন না।
মাধুরী বলেন , মাঝেমধ্যে এহেন কটূক্তি তাঁকে আঘাত করে, তবে তিনি সেই নেতিবাচকতাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেন না। নাচ তাঁর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যা তাঁকে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। তাই সমাজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী নয়, বরং নিজের খুশিমতো জীবনযাপন করা উচিত।
নিজের আগামী সিনেমা 'মা - বহেন '-এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাধুরী বলেন, সমাজে মায়েদের এক অলীক আদর্শ রূপ দেওয়া হয়। অথচ মায়েদের জীবনেও বিশ্রাম ও যত্নের প্রয়োজন। সেই বিষয়টি তুলে ধরা হবে ছবির মাধ্যমে। এর পাশাপাশি তৃপ্তি দিমরি এবং ধারণা দুর্গার মতো নতুন প্রজন্মের তারকাদের প্রশংসা করেন তিনি ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক