
এভিয়ান ও নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ফ্রান্সের এভিয়ানে জি-৭ শীর্ষ সম্মেলনে 'নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ' শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌরজোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈবজ্বালানি জোট, মিশন লাইফ, এক পেড় মা কে নাম অভিযানের মত ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন।
জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত-সহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। জি-৭ গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, জি-৭ গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
জি-৭ সম্মেলনে বিশ্বব্যাপী অংশীদারিত্বের ক্ষেত্রে 'আস্থা'র গুরুত্বের ওপর জোর দেন প্রধানমন্ত্রী মোদী; সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে, যা আগের চেয়ে অনেক বেশি পারস্পরিক সংযোগ ও নির্ভরতার ওপর গড়ে উঠেছে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে, অংশীদারিত্ব তখনই সফল হতে পারে যখন তা পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত হয়। মোদী বলেন, আমাদের 'দাতা ও গ্রহীতা'-র মানসিকতা থেকে বেরিয়ে এসে সমান অংশীদার হিসেবে কাজ করতে হবে। আমাদের কেবল পাশাপাশি নয়, বরং একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। অংশীদারিত্ব হতে হবে মর্যাদাপূর্ণ; তা যেন কোনওভাবেই পরনির্ভরশীলতার ওপর ভিত্তি করে গড়ে না ওঠে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ