
নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): গত এক দশকে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, দৃঢ়তার সঙ্গে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ প্রধানমন্ত্রী মোদী জানান, আত্মনির্ভরতার লক্ষ্য ও উদ্ভাবন, প্রযুক্তি এবং দেশীয় উৎপাদনের শক্তিতে ভর করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১ লক্ষ ৭৮ হাজার কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, আগের অর্থবর্ষের ১ লক্ষ ৫৪ হাজার কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছরে ১৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। তিনি আরও জানান, ২০১৩-১৪ অর্থবর্ষের ৪ হাজার ৭৪৬ কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ