
কলকাতা, ১৭ জুন (হি. স.): দক্ষিণবঙ্গে গ্রামীণ পর্যটন, হোম-স্টে-ভিত্তিক উদ্যোগের বিকাশ এবং পর্যটন শিল্পের আর্থিক সহায়তা বৃদ্ধির দাবিতে রাজ্যের পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষের কাছে একগুচ্ছ প্রস্তাব জমা দিল প্রথম সারির পর্যটন সংস্থা 'ট্রাভেলাইটস'। উদয়াচল ট্যুরিস্ট লজে আয়োজিত পশ্চিমবঙ্গের পর্যটন অংশীদারিত্বের সঙ্গে যুক্তদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে পর্যটনমন্ত্রীর হাতে এই প্রস্তাব সম্বলিত চিঠিটি তুলে দেওয়া হয়। সংস্থার প্রতিষ্ঠাতা অর্পিতা ভট্টাচার্য চিঠিতে উল্লেখ করেছেন যে, উত্তরবঙ্গে পর্যটন পরিকাঠামো ও প্রচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও দক্ষিণবঙ্গের বহু ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদ এখনও পর্যাপ্ত গুরুত্ব পায়নি।
জমা দেওয়া ওই চিঠিতে হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের মতো জেলার ঐতিহ্যবাহী স্থাপত্য, প্রাচীন মন্দির, রাজবাড়ি, জমিদারবাড়ি ও ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলিকে আরও সুসংগঠিতভাবে পর্যটন মানচিত্রে তুলে ধরার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হোম-স্টে প্রকল্পের প্রসার, স্থানীয়দের প্রশিক্ষণ ও বিশেষ আর্থিক প্রণোদনারও সুপারিশ করেছে সংস্থাটি। নতুন পর্যটন উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং এই শিল্পের পরিকাঠামো বাড়াতে স্বল্পসুদের বিশেষ ঋণ প্রকল্প চালুর প্রস্তাবও রয়েছে এই চিঠিতে।
বিশেষভাবে উল্লেখ্য, ইন্দোনেশিয়ার উবুদ অঞ্চলের আদলে পশ্চিমবঙ্গে ‘প্যাডি ফিল্ড ট্যুরিজম’ বা ধানক্ষেত-কেন্দ্রিক কৃষিভিত্তিক পর্যটনের এক অভিনব সম্ভাবনার কথা এই প্রস্তাবে তুলে ধরা হয়েছে। সংস্থার দাবি, সঠিক ও পরিকল্পিত উদ্যোগ এবং সরকারি সহযোগিতা মিললে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি আগামী দিনে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে, যা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের অর্থনীতিকেও চাঙ্গা করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত