'বিদ্রোহী'দের হুঁশিয়ারি সঞ্জয় রাউতের
নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : মহারাষ্ট্রের রাজনীতিতে আবারও উত্তাল। শিবসেনা (ইউবিটি)-র বেশ কয়েকজন সাংসদের দলত্যাগের জল্পনার মধ্যে, দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত ''বিদ্রোহী'' সাংসদদের তীব্র নিশানা করেছেন। বুধবার হুঁশিয়ারি দিয়ে তিনি
'বিদ্রোহী'দের হুঁশিয়ারি সঞ্জয় রাউতের


নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : মহারাষ্ট্রের রাজনীতিতে আবারও উত্তাল। শিবসেনা (ইউবিটি)-র বেশ কয়েকজন সাংসদের দলত্যাগের জল্পনার মধ্যে, দলের প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত 'বিদ্রোহী' সাংসদদের তীব্র নিশানা করেছেন। বুধবার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যদি দল ছাড়তে চান, প্রথমে তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া দরকার, তারপরে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত।

দিল্লিতে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত অভিযোগ করেন, দলের কিছু সাংসদকে দলবদলের জন্য ১৫ কোটি টাকা করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এই সাংসদদের পরে চার্টার্ড বিমানে করে বিভিন্ন স্থান থেকে নিয়ে যাওয়া হয়। যদিও তিনি তাঁর এইসব অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ পেশ করেননি। বৃহস্পতিবার সকাল ১১টায় শিবসেনা (ইউবিটি)-র সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। রাউত জানান, দলের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবারের বৈঠকের জন্য হুইপ জারি করা হয়েছে। সব সাংসদকে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি জানান, দলের সাংসদ অরবিন্দ সাওয়ন্ত এই পুরো বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন। 'বিদ্রোহী'দের নিশানা করে তিনি বলেন, দলের সঙ্গে যাঁরা বিশ্বাসঘাতকতা করছেন তাঁদের রেহাই দেওয়া হবে না।

উল্লেখ্য, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-র লোকসভার ৯ জন সাংসদের মধ্যে ৬-৭ জন সাংসদ 'বিদ্রোহী' হতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, এই সাংসদরা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীতে যোগ দিতে পারেন। এর পাশাপাশি লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে আলাদা গোষ্ঠীর স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া শুরু করারও আলোচনা চলছে বলে খবর। তবে এখনও পর্যন্ত কোনও সাংসদই প্রকাশ্যে দল ছাড়ার ঘোষণা করেননি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande