
মুম্বই, ১৭ জুন (হি.স.): বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়ে শেয়ার বাজারে তেজিভাব অব্যাহত। টানা চারদিন উত্থানের মুখ দেখল দেশের শেয়ার বাজার। বুধবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৩৪৭.১৪ পয়েন্ট বেড়ে ৭৭ হাজারের গণ্ডি অতিক্রম করে। দিনের শেষে সেনসেক্স থিতু হয় ৭৭,১৫৫.৬২ অঙ্কে। অন্যদিকে, পিছিয়ে ছিল না ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও। ৯৫.৫৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে নিফটি থামে ২৪,০৮৫.৭০ অঙ্কে। বাজারের এই টানা উত্থানে স্বভাবতই উচ্ছ্বসিত বিনিয়োগকারীরা।
শেয়ার বাজারের পাশাপাশি বুধবার মুদ্রার বাজারেও ভারতীয় টাকার অবস্থান শক্তিশালী হয়েছে। ডলারের সাপেক্ষে এদিন টাকার দর ১০ পয়সা বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতি ডলারের মূল্য কমে দাঁড়িয়েছে ৯৪.৫০ টাকা। টাকার এই শক্তিবৃদ্ধি দেশের আমদানি বাণিজ্যের ক্ষেত্রে বড় স্বস্তি আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ