


সৃজিতা বসাক ও সুনন্দা দাস
কলকাতা, ১৭ জুন ( হি.স.): ধর্মতলার গ্র্যান্ড হোটেলের উল্টোদিকের ফুটপাথ। এসপ্ল্যানেড মেট্রোর ৮ নম্বর দরজা দিয়ে বেরোলে দুপাশে বিকিকিনির পসরা। তার বেশিরভাগই খেলার সরঞ্জাম। এই বাজারের পোশাকি একটা নাম আছে বটে, তবে সেই বিধান মার্কেট নামের থেকে বেশি জনপ্রিয় ময়দান মার্কেট নামে। সারাবছর এমনিতেই গমগম করে এই মার্কেট। ভিড়ে ঠাসা বাজারে ফুটবল হোক বা ক্রিকেট, আনাগোনা ময়দানের উঠতি তারকা থেকে লব্ধপ্রতিষ্ঠিত বিভিন্ন ক্রীড়াবিদদের। তবে যেকোনও খেলার মরসুমে এর চেহারা আমূল বদলে যায়। আর বিশ্বকাপের সময় এই মার্কেটকে ঘিরে উন্মাদনা বেড়ে যায় বহুগুণ। যাঁরা বছরের অন্য সময় এই মার্কেটমুখো হননা, তাঁরাও বিশ্বকাপের সময় আসেন প্রিয় দলের জার্সি কিনতে। আবার প্রিয় ফুটবল দলের (সে দেশের) পতাকা কিনতেও ভিড় জমান অনেকে। তার মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও স্পেনের পতাকার চাহিদা সবচেয়ে বেশি বলে দাবি করছেন এখানকার ব্যবসায়ীরা।
বুধবার ময়দান মার্কেটে গিয়ে দেখা গেল সেই অভিনব ছবি। সকালে মার্কেট খুলতেই সেখানে হাজির তুহিন, স্নিগ্ধার মতো ভিন্ন প্রজন্মের ক্রেতারা।সকলেই এসেছেন প্রিয় দলের জার্সি বা পতাকা কিনতে। উঠে এসেছে গতবারের বিশ্বকাপের সময়ের থেকে এক ব্যতিক্রমী চিত্র। মহম্মদ শাজিদ, গৌরব ও অনিল বাবুর মতো কয়েকজন ব্যবসায়ী বুধবার জানিয়েছেন, করোনা পরবর্তী ২০২২ এর বিশ্বকাপের তুলনায় এবারে জার্সি বিক্রি দ্বিগুণ বেড়েছে। স্পেনের জার্সির অভিনবত্বের জন্য ক্রেতারা সেদিকে ঝুঁকছেন বেশি। ফলে, বাজারে স্পেনের জার্সির জোগানে বেগ পেতে হচ্ছে তাঁদের। স্পেনের পাশাপাশি সমান তালে বিক্রি হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিলের জার্সি। তালিকায় রয়েছে পর্তুগাল ও জার্মানের মত দলগুলিও। আবার দামের ক্ষেত্রেও রয়েছে রকমফের। সাধারণত কাপড়ের গুণমানের উপর ভিত্তি করে নির্ধারিত হয় দাম। তবে এবারে চাহিদা তুঙ্গে ওঠায় কিছু দলের জার্সির দাম বেড়েছে।
মেসি কিংবা রোনাল্ডোর মত জনপ্রিয় খেলোয়াড়রা যে নম্বরের জার্সি পরেন, সেই নম্বরের জার্সির চাহিদাও বেশি বলে জানাচ্ছেন বিক্রেতারা। এক ব্যবসায়ী জানিয়েছেন, বুধবার সকালের ম্যাচে আর্জেন্টিনা জেতায় ক্রেতাদের মধ্যে বেড়েছে আর্জেন্টিনার জার্সি কেনার প্রবণতা। ক্রেতাদের একাংশ যেমন রয়েছে তরুণ প্রজন্মর, আবার আছেন বেশি বয়সিরাও।
জার্সির পাশাপাশি সমান তালে চলছে পতাকার বিকিকিনি। পছন্দের জার্সি না মেলায় অনেক ফুটবলপ্রেমীই প্রিয় দলের পতাকা কিনে বাড়ি ফিরছেন।বিধান মার্কেট ও লাগোয়া অঞ্চলে সারি সারি দোকান সেজে উঠেছে বিভিন্ন দেশের পতাকা, জার্সিতে। বিশ্বকাপের দিন যত এগোচ্ছে, ময়দান মার্কেটে বেড়ে চলেছে ফুটবলপ্রেমীদের আনাগোনা। আর হাসি ফুটছে কয়েক দশক ধরে এই পেশায় যুক্ত থাকা এখানকার ছোট-বড় ব্যবসায়ীদের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক / সুনন্দা দাস