

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): রাজ্য বাজেটের আগে দিল্লি গিয়ে নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান অশোক লাহিড়ীর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এদিন স্বপন দাশগুপ্ত সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, বাজেট-পূর্ব আলোচনার জন্য আমি নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান ডঃ অশোক লাহিড়ীর অফিসে গিয়েছিলাম। দিল্লিতে আমরা এক অত্যন্ত মনোরম সময় কাটিয়েছি এবং পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
এরপর এদিন স্বপন দাশগুপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ দিন নিজের এক্স-হ্যান্ডলে স্বপন দাশগুপ্ত লেখেন, কেন্দ্রীয় প্রকল্প এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আমি নির্মলা সীতারমনের দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছি। পশ্চিমবঙ্গের বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে কয়েকজন ব্যক্তি অত্যন্ত সহযোগিতামূলক মনোভাব পোষণ করেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। আগামী দিনগুলোতে তাঁর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ