
নয়াদিল্লি, ২ জুন (হি.স.): মঙ্গলবার দিল্লির মুকুন্দপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বাড়ি ধসে পড়ে। সেখানে কেউ আটকে থাকতে পারেন, এমনই আশঙ্কা করছেন স্থানীয়েরা। ঘটনাস্থলে পৌঁছন আম আদমি পার্টির বিধায়ক সঞ্জীব ঝা।
সঞ্জীব ঝা এদিন বলেন, দীর্ঘদিন ধরেই খবর আসছিল যে, এই জায়গায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করা হচ্ছে। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছিলাম। তাদের বলেছিলাম, এখানে যে গ্যাস ভরা হচ্ছে তা সম্পূর্ণ বেআইনি এবং যেকোনও মুহূর্তে একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ভাগ্যবশত, আজ ঠিক সেটাই ঘটেছে। পরিস্থিতি অত্যন্ত গুরুতর। আমরা খবর পাচ্ছি, অনেকেই আহত হয়েছেন। আমাদের কাছে এখনও পূর্ণাঙ্গ তথ্য এসে পৌঁছায়নি। এখনও এই জায়গায় প্রায় ৫০টি সিলিন্ডার পড়ে রয়েছে। আপনারা বিপদের মাত্রা সহজেই অনুমান করতে পারছেন। একদিকে সরকার বড় বড় প্রতিশ্রুতি দেয়, আর অন্যদিকে এখানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছে। এর ভয়াবহ পরিণতি আজ প্রকাশ্যে। এই বাড়ির বাসিন্দারা এবং আশেপাশের এলাকার মানুষ এর ফলে চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
উল্লেখ্য, মঙ্গলবার দমকলের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে উত্তর দিল্লির মুকুন্দপুর এলাকায় এলপিজি গ্যাস বিস্ফোরণে একটি একতলা বাড়ি ধসে পড়ে। সেখানে বেশ কয়েক জন বাসিন্দা আটকে পড়েছেন বলে প্রাথমিক ভাবে আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, ঘটনাটি ইশু বিহারের এক নম্বর গলিতে ঘটেছে। এদিন সকালে দমকল দফতরে ফোন করে এক জন বিস্ফোরণের খবর দেয়। উদ্ধারকাজ শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ