বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডি. কে. শিবকুমার, জোরকদমে প্রস্তুতি বেঙ্গালুরুতে
বেঙ্গালুরু, ২ জুন (হি.স.) : কর্ণাটকের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের মনোনীত মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার বুধবার বেঙ্গালুরুর লোক ভবনে মুখ্যমন্ত্রী পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করবেন। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট বিকেল ৪টা ৫ মিনিটে তাঁ
বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডি. কে. শিবকুমার, জোরকদমে প্রস্তুতি বেঙ্গালুরুতে


বেঙ্গালুরু, ২ জুন (হি.স.) : কর্ণাটকের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যের মনোনীত মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার বুধবার বেঙ্গালুরুর লোক ভবনে মুখ্যমন্ত্রী পদ ও গোপনীয়তার শপথ গ্রহণ করবেন। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট বিকেল ৪টা ৫ মিনিটে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠানের জন্য রাজধানী জুড়ে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার কয়েকজন সদস্যও এদিন শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে। যদিও মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অনুষ্ঠানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রে খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ দলের একাধিক শীর্ষ নেতা অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এছাড়াও কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ইন্ডিয়া জোটের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮০০ জন বিশিষ্ট অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ২,২০০-রও বেশি প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। জনপ্রতিনিধি, শিল্পপতি, সমাজকর্মী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে হাজার হাজার কংগ্রেস কর্মী-সমর্থকের সমাগম হতে পারে বলে প্রশাসনের অনুমান। সেই কারণে লোক ভবন ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্ভাব্য যানজট এড়াতে বিধান সৌধ, বিকাশ সৌধ এবং এমএস বিল্ডিংয়ে কর্মরত সরকারি আধিকারিক ও কর্মীদের জন্য দুপুরের পর ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande