
বার্ন, ২০ জুন (হি.স.) : দেশে ক্রমবর্ধমান ইহুদি-বিরোধী ঘটনার প্রেক্ষিতে জনসমক্ষে নাৎসি প্রতীক, হিটলার স্যালুট এবং সংশ্লিষ্ট চিহ্ন ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আনতে নতুন আইন প্রস্তাব করেছে সুইৎজারল্যান্ড সরকার। শুক্রবার সংসদে পেশ হওয়া বিল অনুযায়ী, নাৎসি প্রতীক প্রকাশ্যে ব্যবহার, প্রদর্শন বা প্রচার করলে জরিমানার মুখে পড়তে হবে।
সরকার সংসদে পেশ করা প্রতিবেদনে জানিয়েছে, নাৎসি প্রতীক এমন এক মতাদর্শের প্রতিনিধিত্ব করে যা মানবজীবনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করে এবং গণতান্ত্রিক ও উদার সমাজব্যবস্থার মৌলিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। তাই বর্ণবিদ্বেষ ও ইহুদি-বিরোধী মনোভাবকে কোনওভাবেই সমাজে প্রশ্রয় দেওয়া যাবে না।
সাম্প্রতিক সময়ে সুইৎজারল্যান্ডে ইহুদি-বিরোধী ঘটনার উল্লেখযোগ্য বৃদ্ধি হওয়ায় সরকার মনে করছে, বর্তমান আইন পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয়। এখনকার আইনে কেবলমাত্র প্রচারের উদ্দেশ্যে নাৎসি বা উগ্রপন্থী প্রতীক ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু প্রচারের উদ্দেশ্য না থাকলে প্রকাশ্যে এমন প্রতীক প্রদর্শনের ক্ষেত্রেও শাস্তির বিধান নেই।
প্রস্তাবিত আইনে নাৎসি পতাকা, ব্যাজ, প্রতীক, স্যালুট, স্লোগান এবং সংশ্লিষ্ট সব ধরনের চিহ্ন প্রকাশ্যে ব্যবহার, পরিধান, প্রদর্শন ও প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। পাশাপাশি এমন লেখা, ছবি, অডিও-ভিডিয়ো বা অন্য কোনও সামগ্রী, যাতে নাৎসি প্রতীক বা তার অনুরূপ চিহ্ন ব্যবহৃত হয়েছে, সেগুলিও এই আইনের আওতায় আসবে।
আইন ভঙ্গ করলে ২০০ সুইস ফ্রাঁ (প্রায় ২৫০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা করা হবে। তবে শিক্ষা, গবেষণা, শিল্প, সাংবাদিকতা এবং একাডেমিক প্রয়োজনে নাৎসি প্রতীক ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
যদিও বিলটি নিয়ে সংসদে ভোটের দিন এখনও নির্ধারিত হয়নি, তবুও তা পাস হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, ২০২৪ সালেই সুইস সংসদ সরকারকে এ ধরনের আইন প্রণয়নের নির্দেশ দিয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য