


।। রাজীব দে ।।
ঢাকা, ২১ জুন (হি.স.) : ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি), বসুন্ধরা স্পোর্টস সিটিতে যোগপ্রেমীগণ, শিক্ষার্থীবৃন্দ, সুস্থতা-চর্চাকারীগণ ও বিশিষ্ট অতিথিবৃন্দের এক প্রাণবন্ত সমাগমের মধ্য দিয়ে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদ্যাপন করেছে ভারতীয় হাই কমিশন।
গত এগারো বছর ধরে ২১ জুন পালিত আন্তর্জাতিক যোগ দিবস যোগব্যায়ামকে উদ্যাপন করে যা ভারতে উৎপত্তি লাভ করা একটি প্রাচীন অনুশীলন, যেটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার উন্নয়নে ভূমিকা রাখার জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর মূল প্রতিপাদ্য “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”, জীবনের সকল পর্যায়ে দীর্ঘ আয়ু, শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতার বিকাশ ঘটানোর ক্ষেত্রে যোগের ভূমিকার ওপর গুরুত্ব সহকারে আলোকপাত করে।
এই অনুষ্ঠানটির একটি প্রধান আকর্ষণ ছিল কমন ইয়োগা প্রোটোকল (সিওয়াইপি) সেশন, যেটি আন্তর্জাতিক যোগ দিবসের যোগ শিক্ষক শাহানাজ পারভিন তাঁর শিক্ষার্থীগণকে সঙ্গে নিয়ে পরিচালনা করেন। বিশাল এই সমাবেশ অত্যন্ত উৎসাহের সঙ্গে নবীন ও মধ্যম স্তরের যোগচর্চাকারীদের জন্য প্রণীত বিভিন্ন যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামসমূহ সম্পাদন করে।
এই অনুষ্ঠানেতে জয়সান ইয়োগা, হু আর্ট অব ইয়োগা, সেলফ্ হিলিং হাব, আর্ট অব লিভিং, এভারগ্রিন ইয়োগা স্কুল, নটর ডেম ইয়োগা অ্যান্ড মেডিটেশন ক্লাব, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং দ্য অ্যাকাডেমি অব এ বেটার ওয়ার্ল্ড (ব্রহ্মা কুমারিস্) সহ বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা যোগ প্রতিষ্ঠানের সদস্যগণের অংশগ্রহণে যোগ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশে যোগচর্চার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বৈচিত্র্যকে তুলে ধরে।
এ বছরের উদ্যাপনের একটি বিশেষ আকর্ষণ ছিল আয়ুর্বেদ লাউঞ্জ, যা স্বাস্থ্য ও সুস্থতার একটি সামগ্রিক পদ্ধতি হিসেবে আয়ুর্বেদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে। লাউঞ্জটিতে দ্য আয়ুর্বেদ মেডিক্যাল অ্যান্ড রিসার্চ, ঔষধি ল্যাবরেটরিজ ও ওশিন ন্যাচারালস্-এর পৃথক পৃথক বিশেষ ডিসপ্লে কিয়স্ক স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীগণকে আয়ুর্বেদভিত্তিক স্বাস্থ্যসেবাবিষয়ক সমাধান সম্পর্কে তথ্য প্রদান করা হয়। এই লাউঞ্জটিতে আয়ুর্বেদ বিষয়ক অনেক বইও প্রদর্শিত হয়, যেগুলো ভারতীয় হাইকমিশন লাইব্রেরির মাধ্যমে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত।
মূল অনুষ্ঠানটি আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদ্যাপনের পূর্ববর্তী সময়ে আয়োজিত বিস্তৃত আউটরিচ কার্যক্রমের ধারাবাহিকতার পরিসমাপ্তিকে চিহ্নিত করে। ৬ মে ২০২৬-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের পর, আইজিসিসি, ভারতীয় হাই কমিশন, ঢাকা, সমগ্র বাংলাদেশজুড়ে বিভিন্ন যোগ প্রতিষ্ঠান, গণমাধ্যম সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় ৩৬টিরও বেশি যোগ-সম্পর্কিত প্রাক-অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে, যে অনুষ্ঠানগুলো যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৃহত্তর জনসম্পৃক্ততাকে উৎসাহিত করতে সহায়তা করে।
এই অনুষ্ঠানের ইভেন্ট পার্টনারসমূহের মধ্যে ছিল ম্যারিকো বাংলাদেশ, টাটা মোটরস, নিটল মোটরস, বসুন্ধরা গ্রুপ, অশোক লেল্যান্ড, ইফাদ, জায়া গোল্ড, রয়্যাল গোল্ড, পিএন কম্পোজিট, প্রবৃদ্ধি অ্যাপারেলস্, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যাঁরা অনুষ্ঠানটিকে সফলভাবে আয়োজন করার ক্ষেত্রে মূল্যবান অবদান রেখেছে।
উদ্যাপনটি সম্প্রীতি, স্বাস্থ্য ও সুস্থতার প্রসারে এক ঐক্যবদ্ধকারী শক্তি হিসেবে যোগের চিরন্তন বার্তাকে পুনঃপ্রতিষ্ঠিত করে এবং বাংলাদেশের জনগণের মধ্যে যোগের প্রতি প্রবল ও ক্রমবর্ধমান আগ্রহকে প্রতিফলিত করে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস