
নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র অবস্থান-বিক্ষোভ তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। সামাজিক মাধ্যম–ভিত্তিক এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন অভিজিৎ দিপকে। ২০ জুন থেকে সমর্থকদের নিয়ে তিনি এই কর্মসূচি শুরু করেন।
সোমবার অভিজিৎ দিপকে অভিযোগ করেন, আন্দোলনকারীদের জন্য খাবার নিয়ে আসা ব্যক্তিদের কাছে পুলিশ আধার কার্ড ও ঠিকানার তথ্য চাইছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। নয়াদিল্লির পুলিশ উপ-কমিশনার (ডিসিপি) জানান, এই দাবি ভিত্তিহীন। যন্তর মন্তরে আগত কারও আধার কার্ড পরীক্ষা বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে না।
এদিন আন্দোলনকারীরা নিট পরীক্ষায় সামান্য দেরিতে পৌঁছনোর কারণে পরীক্ষায় বসতে না দেওয়ার ঘটনাও তুলে ধরেন। তাঁদের অভিযোগ, কয়েক মিনিট দেরি হলে পরীক্ষার্থীদের প্রতি কঠোরতা দেখানো হলেও প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর ঘটনায় প্রশাসন নীরব থাকে। পাশাপাশি, উত্তর প্রদেশ সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন-এর বিভিন্ন পরীক্ষার ফল দ্রুত প্রকাশের দাবিও জানানো হয়।
এদিকে, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় আন্দোলনরত ভারতীয় কিষাণ ইউনিয়নের (চারুনি গোষ্ঠী) পক্ষ থেকেও সিজেপি–র আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য