ঢাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী চৈতালি চক্রবর্তীর ওপর ‘মব হামলা’, লাঞ্ছনার অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা দাবি
ঢাকা, ২২ জুন (হি.স.) : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর (সদস্য নম্বর ৬১০১) ওপর আদালত প্রাঙ্গণে অতর্কিত মব হামলা এবং শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছে
বংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি চক্রবর্তী এবং তাঁর অভিযোগপত্র


ঢাকা, ২২ জুন (হি.স.) : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীর (সদস্য নম্বর ৬১০১) ওপর আদালত প্রাঙ্গণে অতর্কিত মব হামলা এবং শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছে পেশকৃত এক লিখিত অভিযোগে তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগিণী আইনজীবী চৈতালি চক্রবর্তী উল্লেখ করেছেন, আজ ২২ জুন ২০২৬ তারিখ, সোমবার বেলা আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের ১৪ নম্বর কোর্টের সামনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ তিনজন নারী আইনজীবী এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা পুরুষ আইনজীবী একত্রিত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা একটি ‘মব’ বা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে তাঁকে শারীরিক ও মানসিকভাবে চরম লাঞ্ছিত ও হেনস্তা করে।

অভিযোগে আরও বলা হয়, এই অতর্কিত হামলার দরুন তিনি তাঁর পবিত্র পেশাগত দায়িত্ব পালনে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হন এবং তাৎক্ষণিকভাবে আত্মরক্ষার্থে আদালতের আশ্রয় নিতে বাধ্য হন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট বার-এর একজন নির্বাহী সদস্য এবং কয়েকজন সিনিয়র আইনজীবীর জরুরি সহায়তায় তিনি বার ভবনের ভেতরে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে সক্ষম হন।

বর্তমানে চরম ভীতসন্ত্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে অ্যাডভোকেট চৈতালি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। একই সাথে, ঘটনার সাথে জড়িত আইনজীবীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালত প্রাঙ্গণে আইনজীবীদের কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, এই ঘটনার বিষয়ে সুপ্রিম কোর্ট বার কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এ খবর লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande