
ছিন্দওয়াড়া, ২২ জুন (হি.স.): মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় জাতীয় সড়কে শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জনের বেশি। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কের টেমনি খুর্দ গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির সরাসরি ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং তাতে থাকা শ্রমিকরা ছিটকে পড়েন।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সাওরি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক মুকেশ দ্বিবেদী জানান, দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে এসডিএম ধীরেন্দ্র সিং হাসপাতালে পৌঁছে চিকিৎসার ব্যবস্থা খতিয়ে দেখেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন। ঘটনাস্থলে যান পান্ধুর্নার বিধায়ক নীলেশ উইকেও।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। কয়েকজনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য