দেশে অঙ্গদানের অঙ্গীকার করলেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ
নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : দেশে অঙ্গদান সম্পর্কে জনসচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বড় নজির গড়ে পাঁচ লক্ষেরও বেশি মানুষ অঙ্গদানের অঙ্গীকার করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, এই সাফল্য দেশে অঙ্গ ও টিস্যু দান সম্পর্কে মানুষের সচেতনতা, স
দেশে অঙ্গদানের অঙ্গীকার করলেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ


নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : দেশে অঙ্গদান সম্পর্কে জনসচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বড় নজির গড়ে পাঁচ লক্ষেরও বেশি মানুষ অঙ্গদানের অঙ্গীকার করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, এই সাফল্য দেশে অঙ্গ ও টিস্যু দান সম্পর্কে মানুষের সচেতনতা, সংবেদনশীলতা এবং ইতিবাচক মানসিকতার প্রতিফলন।

মন্ত্রকের বক্তব্য, অঙ্গদান এখন এমন একটি মানবিক উদ্যোগ হিসেবে ক্রমশ গ্রহণযোগ্যতা পাচ্ছে, যা প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা বহু রোগীর জীবন বাঁচাতে পারে। স্বেচ্ছায় অঙ্গ ও টিস্যু দানকে উৎসাহিত করতে কেন্দ্র সরকারের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।

সোমবার জাতীয় অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন সংস্থার (নোট্টো) অধিকর্তা ডা. অনিল কুমার দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি ও বেসরকারি সংস্থা, স্বাস্থ্যকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম এবং বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গদান সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।

তিনি জানান, অঙ্গ ও টিস্যুর চাহিদা এবং প্রাপ্যতার মধ্যে ব্যবধান কমাতে সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন এবং প্রতিস্থাপন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজ চলছে। একইসঙ্গে অঙ্গ প্রতিস্থাপনের পুরো প্রক্রিয়াকে নৈতিক, স্বচ্ছ, সমতাভিত্তিক এবং রোগীকেন্দ্রিক রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।

ডা. কুমার আরও বলেন, সাম্প্রতিক বছরগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে একাধিকবার অঙ্গদানের গুরুত্ব তুলে ধরেছেন। তাঁর এই আহ্বান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অঙ্গদানের অঙ্গীকার প্রক্রিয়া আরও সহজ করতে notto.abdm.gov.in পোর্টাল চালু করা হয়েছে। আধার-ভিত্তিক এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা নিরাপদ ও সহজ উপায়ে অনলাইনে অঙ্গদানের অঙ্গীকার নথিভুক্ত করতে পারবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande