
নয়াদিল্লি, ২২ জুন (হি.স.): কেন্দ্র সরকারের চালু করা নতুন আধার অ্যাপ জনপ্রিয়তার নিরিখে অল্প সময়েই বড় সাফল্য পেয়েছে। চালুর পাঁচ মাসেরও কম সময়ে অ্যাপটি ৩ কোটি ১০ লক্ষের বেশি (৩১ মিলিয়ন) বার ডাউনলোড হয়েছে। দ্রুত বাড়তে থাকা এই সংখ্যা সাধারণ মানুষের মধ্যে অ্যাপটির গ্রহণযোগ্যতা ও আস্থারই প্রতিফলন বলে মনে করছে কেন্দ্র।
সোমবার ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে তৈরি এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোন থেকেই একাধিক গুরুত্বপূর্ণ আধার-সংক্রান্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৪০ লক্ষ ব্যবহারকারী এই অ্যাপের মাধ্যমে তাঁদের মোবাইল নম্বর হালনাগাদ করেছেন। এছাড়া প্রায় ৮ লক্ষ ৫০ হাজার মানুষ অ্যাপ ব্যবহার করে আধারে নিজের ঠিকানা সংশোধন করেছেন।
নতুন আধার অ্যাপের মাধ্যমে পরিচয়পত্র নিরাপদ ও গোপনীয় উপায়ে প্রদর্শন, শেয়ার এবং যাচাই করা যায়। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এতে বায়োমেট্রিক লক ও আনলক, ফেস অথেনটিকেশন, অথেনটিকেশন হিস্ট্রি, কিউআর-কোডভিত্তিক কন্ট্যাক্ট কার্ড এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো আধুনিক সুবিধা রাখা হয়েছে।
মন্ত্রকের দাবি, হোটেলে চেক-ইন, হাসপাতালের ভর্তি প্রক্রিয়া, দর্শনার্থী ব্যবস্থাপনা, বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশ এবং গিগ ওয়ার্কার বা পরিষেবা-সহযোগীদের পরিচয় যাচাইয়ের মতো নানা ক্ষেত্রে এই অ্যাপ কার্যকর ভূমিকা রাখছে। অ্যান্ড্রয়েড ও অ্যাপল—উভয় প্ল্যাটফর্মেই সরকারি এই আধার অ্যাপ বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য