
লখনউ, ২২ জুন (হি.স.): লখনউয়ের আলিগঞ্জের একটি কোচিং সেন্টারে আগুন লাগার ঘটনায় চার জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পাঁচ থেকে ছ’জনকে উদ্ধার করা হয়েছে। আগুন থেকে বাঁচতে কয়েক জন ভবনটির প্রথম তলা থেকে লাফ দিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর সদস্যরা। তাঁরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রাথমিকভাবে জানা গেছে যে, আলিগঞ্জে অবস্থিত পুরনিয়ার কাছে একটি বহুতল ভবনে থাকা দোকানে আগুন লেগে যায়। ওই দোকানের উপরেই কোচিং সেন্টারটি অবস্থিত। আগুন দ্রুত গ্রাস করে কোচিং সেন্টারের ঘর। আতঙ্কে সেখানে পড়তে আসা ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রাণ বাঁচাতে ভবনটির প্রথম তলা থেকে নিচে লাফ দেয়। তারা গুরুতর আহত হয়েছে।
খবর পেয়ে আলিগঞ্জ ও মড়িয়াঁও থানার পুলিশ এবং দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের চারটি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভেতরে যাঁরা আটকে আছেন, তাঁদের বাইরে বের করার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। জেলাশাসকও ঘটনাস্থলে যান। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধারকাজ চালানোর। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ