
কলকাতা, ২৫ জুন (হি. স.) :
প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জনকুমার মিত্রকে এই বছরের জন্যে - মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ক্লাব। ক্লাব কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে যে, কার্যকরী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে ওই সম্মান।
জীবনকৃতি সম্মানের সম্মান প্রাপক ভারতের প্রাক্তন গোলরক্ষক প্রতাপ ঘোষ। সেরা সিনিয়র ফুটবলার নির্বাচিত হয়েছেন আলবার্তো রড্রিগেজ, আক্রমণ ভাগের সেরা ফুটবলারের সম্মান পাচ্ছে লিস্টন কোলাসো। বছরের সেরা সিনিয়র ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছে অভিষেক রমন। তরুণ সম্ভাবনাময় ফুটবলার হিসাবে সম্মান প্রাপক সুহেল আহমেদ ভাট। সেরা হকি খেলোয়াড় রাহিল মহসীন ও সেরা অ্যাথলিট তাহুরা খাতুন। প্রয়াত গোপীনাথ ঘোষকে দেওয়া হবে সেরা ক্রীড়া সংগঠকের সম্মান। সেরা রেফারি নির্বাচিত সাগর সেন ও সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে মনোনীত হয়েছে গৌতম ভট্টাচার্য। বছরের সেরা সমর্থক হিসাবে নির্বাচিত হয়েছে রাজীব রায় ও সৌরভ ঘোষ চক্রবর্তী। বিশেষ সংবর্ধনা ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারকে দেওয়া হবে।
এদিন ক্লাবের সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে মোহনবাগান রত্ন ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় ও অসিত চট্টোপাধ্যায়কে। আগামী ২৯ জুলাই পতাকা উত্তোলনের মাধ্যমে মোহনবাগান দিবসের সূচনা হবে। প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচও রয়েছে। পরদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত