
মুম্বই, ২৬ জুন (হি.স.) : যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি 'আলফা' নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা অনিল কাপুর। তাঁর মতে, এই ছবি ভারতীয় অ্যাকশন সিনেমায় নতুন যুগের সূচনা করতে পারে।
অনিল কাপুর বলেন, ছবিটি প্রচলিত ধারণাকে ভেঙে অ্যাকশন ঘরানায় দুই নারী চরিত্রকে কেন্দ্রে এনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর কথায়, বর্তমানে দর্শক কোনও চরিত্র নারী না পুরুষ, তার চেয়ে বেশি গুরুত্ব দেন সেই চরিত্রের দৃঢ় উপস্থিতি ও ব্যক্তিত্বকে। তিনি বলেন,'আলফা' হওয়া কখনও লিঙ্গের বিষয় নয়, বরং সাহস, দৃঢ় বিশ্বাস এবং নেতৃত্বের প্রতীক।
ছবিতে অনিল কাপুরের চরিত্রটি এখনও গোপন রাখা হয়েছে। তাঁর মতে, দীর্ঘদিন ধরে সিনেমায় 'নায়ক' ও 'নায়িকা'-র প্রচলিত ধারণা প্রাধান্য পেলেও এখন গল্প বলার ধরণ বদলেছে। দর্শক এখন শক্তিশালী চরিত্র ও প্রভাবশালী গল্পই দেখতে চান। তিনি আরও বলেন, একজন বাবা হিসেবে তিনি গর্বিত যে তাঁর মেয়েরাও এমন ছবিকে সমর্থন করে, যা নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় এবং প্রচলিত ধ্যানধারণা ভেঙে দেয়।
আদিত্য চোপড়া প্রযোজিত এবং শিব রাওয়াইল পরিচালিত 'আলফা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট ও শারভরি। খলনায়কের চরিত্রে দেখা যাবে ববি দেওলকে। বহুল প্রতীক্ষিত এই ছবি আগামী ৩ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস