
নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : খাদ্য ব্যবসা আরও সহজ করতে ভারতীয় খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এফএসএসএআই)-এর লাইসেন্স ও নথিভুক্তিকরণ সংক্রান্ত নিয়মে সংশোধন আনল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। নতুন নিয়মে ছোট ও মাঝারি খাদ্য ব্যবসায়ীদের উপর নিয়ম মেনে চলার চাপ অনেকটাই কমবে বলে মনে করছে কেন্দ্র।
সংশোধিত নিয়ম অনুযায়ী, এবার থেকে 'ফার্স্ট ইন, ফার্স্ট আউট' (এফআইএফও) এবং 'ফার্স্ট এক্সপায়ারি, ফার্স্ট আউট' (এফইএফও) পদ্ধতিতে মজুত পণ্যের রক্ষণাবেক্ষণ ও নথি সংরক্ষণের বাধ্যবাধকতা শুধুমাত্র খাদ্য উৎপাদনকারী সংস্থার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এতদিন এই নিয়ম সব ধরনের খাদ্য ব্যবসার জন্য বাধ্যতামূলক ছিল।
ফলে খুচরো বিক্রেতা এবং উৎপাদনের সঙ্গে যুক্ত নন এমন খাদ্য ব্যবসায়ীরা এই বাধ্যবাধকতা থেকে ছাড় পাবেন। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
তবে শুক্রবার মন্ত্রকের স্পষ্ট বক্তব্য, যেখানে প্রয়োজন সেখানে খাদ্য সুরক্ষা এবং পণ্যের উৎস শনাক্তকরণের (ট্রেসেবিলিটি) মান বজায় থাকবে। গ্রাহক সুরক্ষার ক্ষেত্রে কোনও আপস করা হবে না।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, ঝুঁকি ও ফলাফলের ভিত্তিতে নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এর আগে লাইসেন্স প্রক্রিয়া সহজ করা, স্থায়ী লাইসেন্সের ব্যবস্থা এবং পথের ধারের খাদ্য বিক্রেতাদের জন্য নিয়ম শিথিল করার মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা করেই এই সংশোধন কার্যকর করা হয়েছে। নীতি আয়োগের সুপারিশও এতে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।
সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে একদিকে যেমন খাদ্য ব্যবসা পরিচালনা সহজ হবে, তেমনই প্রয়োজনীয় ক্ষেত্রে খাদ্য সুরক্ষার মানও অক্ষুণ্ণ থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য