
কলকাতা, ২৭ জুন (হি. স.) : পথ দুর্ঘটনায় এক জোড়া মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাণ হারিয়েছেন দুই অনলাইন ডেলিভারি কর্মী। ইতিমধ্যেই আটক করা হয়েছে ঘাতক পিকআপ ভ্যানের চালককে। ঘটনায় প্রকাশ, আসানসোল দক্ষিণ থানার কুমারপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারান ওই দুই অনলাইন ডেলিভারি কর্মী। পুলিশ জানায়, শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে আরও খবর, আসানসোল থেকে কুলটির দিকে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে থাকা দুই ডেলিভারি কর্মীকে সজোরে ধাক্কা মারে। এদিন ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় অপর জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।অভিযোগ, পিকআপ ভ্যানের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পর তাঁকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার প্রতিবাদে স্থানীয়রা কিছু সময়ের জন্য জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। এই অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত দুই যুবকের পরিচয় জানার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত