
কলকাতা, ২৮ জুন (হি.স.): শুরুর একাদশে অনেক পরিবর্তন আনলেও প্রত্যাশিত জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ডালাসে রবিবার সকালে ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডনের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। তৃতীয় দল হিসেবে এবারের আসরে গ্রুপ পর্বে ৯ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা।
শিওভানি লো সোলসো দলকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান বাড়ান লাউতারো মার্তিনেস। শেষ দিকে জালের দেখা পান মেসি।
ম্যাচের ৮০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে অন্যন্য এক কীর্তি গড়লেন মেসি।
তিনি পেছনে ফেললেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর মতো কিংবদন্তিদের।
আর ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচে লিওনেল মেসি মোট ৬টি গোল করেছেন। গোল্ডেন বুট তালিকায় তিনি শীর্ষস্থানে রয়েছেন।
আগামী শনিবার মায়ামিতে শেষ বত্রিশে এই আসরের চমক কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি