
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : দিল্লির সাকেতের সৈদুলাজাব এলাকায় পাঁচতলা ভবন ধসের ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুরনিগম (এমসিডি)-এর বিরোধী দলনেতা তথা আম আদমি পার্টির (এএপি) নেতা অঙ্কুশ নারাং কমিশনারকে চিঠি লিখে নিরপেক্ষ তদন্ত এবং দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
চিঠিতে অঙ্কুশ নারাং অভিযোগ করেন, বহুতল ধস কোনও সাধারণ দুর্ঘটনা নয়; এটি পুরনিগমের দুর্নীতি, গাফিলতি এবং কিছু আধিকারিকের যোগসাজশের ফল।
তিনি দাবি করেন, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী আধিকারিকদের চিহ্নিত করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।
অঙ্কুশ নারাং বলেন, স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগ এবং অবৈধ নির্মাণের তথ্য থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। তারই মাশুল দিতে হয়েছে নিরীহ মানুষকে।
তিনি আরও দাবি করেন, গোটা দিল্লিতে জরাজীর্ণ ও অবৈধ ভবনগুলির জরুরি ভিত্তিতে সমীক্ষা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এএপি নেতার অভিযোগ, দিল্লিবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিক। তাঁদের এবং যাঁরা তাঁদের রক্ষা করেছেন, কাউকেই ছাড় দেওয়া উচিত নয়।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য