তৃণমূলে বিক্ষুব্ধ শিবির গঠনের জল্পনা, ঋতব্রতকে সামনে রেখে নতুন জোটের ইঙ্গিত
কলকাতা, ৩ জুন (হি.স.): রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরের সমীকরণ নিয়ে। দল ভাঙনের সম্ভাবনা এবং একাংশ বিধায়ককে নিয়ে পৃথক বিক্ষুব্ধ গোষ্ঠী গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশে আলোচনা চলছে। স
বিধানসভা


কলকাতা, ৩ জুন (হি.স.): রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরের সমীকরণ নিয়ে। দল ভাঙনের সম্ভাবনা এবং একাংশ বিধায়ককে নিয়ে পৃথক বিক্ষুব্ধ গোষ্ঠী গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশে আলোচনা চলছে। সূত্রের দাবি, এই সম্ভাব্য উদ্যোগে নেতৃত্বের ভূমিকায় রয়েছেন প্রথমবারের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে বিধানসভায় একটি পৃথক জোট গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সেই জোট গঠিত হলে বিরোধী দলনেতার পদে বর্তমান নামের পরিবর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক পরিস্থিতির দিকে নজর রাখছেন। তবে তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। দলীয় সূত্রও প্রকাশ্যে এই দাবির সত্যতা স্বীকার করেনি। ফলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হলেও সম্ভাব্য এই বিক্ষুব্ধ গোষ্ঠী আদৌ বাস্তব রূপ পায় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande