দিল্লি-এনসিআর-এ পুরনো ট্রাক–বাস বদলের ৯,৫৮৫ কোটি টাকার প্রকল্পে অনুমোদন
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : দিল্লি-এনসিআর অঞ্চলে পুরনো ট্রাক ও বাস প্রতিস্থাপনের জন্য ৯,৫৮৫ কোটি টাকার দুই বছরের একটি প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের মূল লক্ষ্য বায়ুদূষণ কমানো এবং পরিবেশবান্ধব ও স্বচ্ছ পরিবহন ব্যবস্থাকে উৎসাহ
দিল্লি-এনসিআর-এ পুরনো ট্রাক–বাস বদলের ৯,৫৮৫ কোটি টাকার প্রকল্পে অনুমোদন


নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : দিল্লি-এনসিআর অঞ্চলে পুরনো ট্রাক ও বাস প্রতিস্থাপনের জন্য ৯,৫৮৫ কোটি টাকার দুই বছরের একটি প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের মূল লক্ষ্য বায়ুদূষণ কমানো এবং পরিবেশবান্ধব ও স্বচ্ছ পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দেওয়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে বিস্তারিত জানান।

প্রকল্প অনুযায়ী জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা বোর্ড (এনসিআরপিবি)-কে সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার ৫,০৪১ কোটি টাকা দেবে এবং বিভিন্ন রাজ্য কর ছাড় ও অন্যান্য সুবিধার মাধ্যমে প্রায় ১,৬০১ কোটি টাকার সমতুল্য সহায়তা দেবে। দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তর প্রদেশ এই প্রকল্পে অংশীদার হবে।

এই প্রকল্পের আওতায় বিএস-আইভি বা তার পুরনো মানের ট্রাক ও বাসের মালিকদের নতুন বিএস-VI বা বৈদ্যুতিক যানবাহনে রূপান্তরে উৎসাহ দেওয়া হবে। প্রায় ২.০৭ লক্ষ যানবাহন মালিক এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানা গেছে।

পরিবেশ সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, পরিবহন খাত থেকেই দিল্লি-এনসিআর অঞ্চলে বিপুল পরিমাণ দূষণ ছড়ায়। ট্রাক ও বাস কম সংখ্যক হলেও বায়ুদূষণে তাদের অবদান অনেক বেশি—এই কারণেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পের অংশ হিসেবে পুরনো যানবাহন স্ক্র্যাপিং বাধ্যতামূলক করা হবে এবং নতুন ইলেকট্রিক ও সিএনজি যানবাহন ব্যবহারে উৎসাহ দেওয়া হবে। এছাড়া ঋণের উপর সুদের ভর্তুকি, জ্বালানি ভাউচার ও কর রেয়াতসহ একাধিক সুবিধা দেওয়া হবে।

সমগ্র প্রকল্পটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, যেখানে যানবাহনের যোগ্যতা যাচাই থেকে শুরু করে ভর্তুকি প্রদান পর্যন্ত সবকিছু নজরদারিতে রাখা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande