
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : দেশের সড়ক যোগাযোগ, উপকূলীয় সংযোগ এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা ও বিহারে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। প্রায় ২৪ হাজার কোটি টাকার এই প্রকল্পগুলির ফলে যান চলাচল আরও সহজ হবে এবং শিল্প ও পর্যটন ক্ষেত্রে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি বুধবার এই প্রকল্পগুলিকে অনুমোদন দেয়। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জাতীয় মিডিয়া সেন্টারে এই সিদ্ধান্তের কথা জানান।
মধ্যপ্রদেশে এনএইচ-৩৪৭বি-এর হিওয়ারখেড়ি-রোশনি-আশাপুর-রুধি অংশে বিদ্যমান সড়ককে মানোন্নীত করে দুই লেনে উন্নীত করা হবে। পাশাপাশি দেশগাঁও-জুলওয়ানিয়া অংশকে চার লেনে সম্প্রসারণ করা হবে। ২৩৩.৬৫৩ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪,৪১৫.৬০ কোটি টাকা। এর আওতায় খারগোনে একটি ১৬.২০ কিলোমিটার গ্রীনফিল্ড বাইপাসও তৈরি হবে।
ওড়িশায় রামেশ্বর থেকে পারাদ্বীপ পর্যন্ত ১৬৩.১৮ কিলোমিটার দীর্ঘ নতুন উপকূলীয় সড়ক প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে ৮,৩০০.৭৯ কোটি টাকা। এর ফলে উপকূলীয় অঞ্চলে যোগাযোগ উন্নত হবে এবং বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এটি ৯টি অর্থনৈতিক ও ৫টি লজিস্টিক কেন্দ্রকে যুক্ত করবে এবং রামেশ্বর–পারাদ্বীপ যাতায়াতে প্রায় আড়াই ঘণ্টা সময় কমবে।
তেলেঙ্গানায় এনএইচ-৬৩-এর আর্মুর–জগিতিয়াল–মানচেরিয়াল অংশ এবং এনএইচ-৫৬৩-এর জগিতিয়াল–করিমনগর অংশকে চার লেনে উন্নীত করা হবে। ১৯০.৭৬ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে ব্যয় হবে ৭,৫৯৭.১৬ কোটি টাকা। এতে রাজ্যের উত্তর ও মধ্যাঞ্চলে পরিবহন ব্যবস্থা উন্নত হবে এবং পণ্য পরিবহন সহজ হবে।
বিহারে এনএইচ-৩১ ও এনএইচ-২৩১-এর খগড়িয়া–পূর্ণিয়া অংশকে টোল ভিত্তিক বিওটি মডেলে চার লেনে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩,৯৩৬.০৫ কোটি টাকা। এর ফলে উত্তর-পূর্ব বিহারের সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক উন্নয়নে গতি আসবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য