কুয়েতে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিদেশমন্ত্রীকে চিঠি কেসি বেনুগোপালের
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতার আবহে কুয়েতে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান কেসি বেনুগোপাল। বুধবার
কুয়েতে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিদেশমন্ত্রীকে চিঠি কেসি বেনুগোপালের


নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতার আবহে কুয়েতে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান কেসি বেনুগোপাল। বুধবার বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করকে লেখা এক চিঠিতে তিনি কুয়েতে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।

বেনুগোপাল তাঁর চিঠিতে উল্লেখ করেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং তার আশপাশে বহু ভারতীয় নাগরিক বর্তমানে অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে বিমান চলাচল ব্যাহত হওয়ায় অনেকেই সেখানে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি বিদেশ মন্ত্রককে অনুরোধ করেছেন, কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে আটকে পড়া ভারতীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হোক। পাশাপাশি কুয়েত সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে খাদ্য, পানীয় জল এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

চিঠিতে বেনুগোপাল আরও বলেন, প্রভাবিত যাত্রীদের জন্য সমস্ত বিমান সংস্থাকে বিনামূল্যে টিকিট পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া উচিত। এছাড়া ২৪ ঘণ্টা চালু থাকা একটি জরুরি টোল-ফ্রি হেল্পলাইন চালুরও প্রস্তাব দেন তিনি, যাতে ভারতীয় নাগরিকরা দ্রুত তথ্য ও সহায়তা পেতে পারেন। যাঁদের ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হারিয়ে গেছে, তাঁদের জন্য জরুরি ভ্রমণ শংসাপত্র (ইমার্জেন্সি সার্টিফিকেট) দেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় বিমানবন্দরের পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি পরিকল্পনা কার্যকর করে এবং সমস্ত উড়ান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। নিরাপত্তা ও প্রযুক্তিগত সংস্থাগুলি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।

এই প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা ও দ্রুত সহায়তা নিশ্চিত করতে কেন্দ্রের সক্রিয় ভূমিকার উপর জোর দিয়েছে কংগ্রেস।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande