
কৃষ্ণনগর, ৩ জুন (হি.স.): দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড সংলগ্ন নিজেদের দলীয় কার্যালয়ের দখল পুনরুদ্ধার করল কংগ্রেস। মঙ্গলবার নদীয়া জেলা আদালতের রায়ের কপি হাতে নিয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কার্যালয়টি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয় জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, ২০১৭ সালে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা ক্ষমতার জোরে কার্যালয়টি দখল করে নেয়। এরপর প্রশাসনের দ্বারস্থ হওয়া এবং থানায় অভিযোগ দায়ের করেও কোনও সুরাহা না হওয়ায় কৃষ্ণনগর মুন্সেফ আদালতে উচ্ছেদ মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানির পর ২০২৩ সালে আদালত কংগ্রেসের পক্ষে রায় দেয় এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ জারি করে। বুধবার কার্যালয় পুনরুদ্ধারের পর জেলা কংগ্রেসের এক প্রবীণ নেতা ও আইনজীবী জানান, ২০১৪ সালে কৃষ্ণনগর পৌরসভার অনুমোদনে ৯৯ বছরের লিজে জমিটি কংগ্রেসের হাতে আসে। দলের সদস্য ও কর্মীদের আর্থিক সহযোগিতায় সেখানে কার্যালয় নির্মিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কংগ্রেসের দাবি, আদালতের রায় কার্যকর করতে প্রশাসনিক বাধা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিলম্ব হয়েছে। দলীয় নেতৃত্ব জানিয়েছে, ভবিষ্যতে এই কার্যালয় থেকেই নদীয়া জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। প্রথম কর্মসূচি হিসেবে একটি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়