মালদায় ভুয়ো আধার কার্ড তৈরি চক্রের পর্দাফাঁস,সিভিক ভলান্টিয়ার সহ গ্রেফতার ৩
মালদা, ৩ জুন (হি.স.): মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ভুয়ো আধার কার্ড তৈরি করার একটি বড় চক্রের পর্দাফাঁস করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের শরণপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে
গ্রেফতার


মালদা, ৩ জুন (হি.স.): মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ভুয়ো আধার কার্ড তৈরি করার একটি বড় চক্রের পর্দাফাঁস করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের শরণপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চে (আইবি) কর্মরত উমর ফারুক নামে এক সিভিক ভলান্টিয়ার রয়েছে। এছাড়া বিহারের আহমেদাবাদের বাসিন্দা রাজু কুমার শর্মা এবং হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারি এলাকার বাসিন্দা অঙ্কিত কুমার শর্মাকেও পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সিভিক ভলান্টিয়ার উমর ফারুকের বাড়ি থেকেই এই ভুয়ো আধার কার্ড তৈরির চক্রটি চালানো হচ্ছিল। উল্লেখ্য, উমর ফারুকের স্ত্রী ফারহানা রহমানি সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য। তল্লাশি চালানোর সময় পুলিশ প্রচুর পরিমাণে ভুয়ো আধার কার্ড, কম্পিউটার এবং আধার কার্ড তৈরির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চক্রটি ভুয়ো আধার কার্ড তৈরি করে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশে সাহায্য করত। তথ্য অনুযায়ী, এই কাজের জন্য বিহারের এক যুবকের লগ-ইন আইডি ব্যবহার করা হচ্ছিল। সেই আইডি অভিযুক্তদের কাছে কীভাবে পৌঁছাল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বুধবার আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande