
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : ভারত ও দক্ষিণ আফ্রিকা বুধবার প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদনকে পারস্পরিক সহযোগিতার প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে।
বুধবার কর্তব্য ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং এবং দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের উপমন্ত্রী নোমালুংগিলো জিনা’র মধ্যে এই সমঝোতা হয়। বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধি, বিজ্ঞানী এবং বিদেশ মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে কোয়ান্টাম প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, জিনোমিক্স, ভ্যাকসিন গবেষণা এবং হাইড্রোজেন শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিজ্ঞান ও গবেষণাকে শিল্প ও স্টার্টআপের সঙ্গে যুক্ত করে উদ্ভাবনভিত্তিক উন্নয়নকে উৎসাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দুই দেশ স্বাস্থ্য প্রযুক্তি, মহামারি মোকাবিলার প্রস্তুতি এবং সাশ্রয়ী চিকিৎসা সমাধান উন্নয়নে সহযোগিতা জোরদার করার বিষয়েও একমত হয়েছে। এআই, ডিজিটাল প্রযুক্তি ও আধুনিক উৎপাদনের ক্ষেত্রে গবেষক, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এই প্রসঙ্গে ড. জিতেন্দ্র সিং বলেন, ভারত দ্রুত এআই, কোয়ান্টাম প্রযুক্তি, সাইবার-ফিজিক্যাল সিস্টেম, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং স্টার্টআপ উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বে অন্যতম দ্রুত বিকাশমান কেন্দ্র হিসেবে উঠে আসছে। এই অগ্রগতি দক্ষিণ আফ্রিকার সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতার নতুন সুযোগ তৈরি করছে।
দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রী নোমালুংগিলো জিনা বলেন, ভারত তাদের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার। দুই দেশই অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে প্রতিষ্ঠানগত সম্পর্ক ও গবেষণা সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। তিনি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ১৫০টি যৌথ গবেষণা প্রকল্প চলছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য