
তিরুবনন্তপুরম, ৩ জুন (হি.স.) : কেরলমে চলতি বছরের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবার প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এর সঙ্গে রাজ্যজুড়ে আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার আবহ বিদদের মতে, আরব সাগরের উপর তৈরি হওয়া অনুকূল পরিস্থিতির জেরে কেরলম এবং মাহে অঞ্চলে ৮ জুন পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরে কেরলমের দক্ষিণ উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই আবহাওয়াজনিত ব্যবস্থার প্রভাবে মৌসুমি বায়ু আরও শক্তিশালী হবে এবং রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতির জন্য বর্তমানে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে আরব সাগরের বিস্তীর্ণ অংশ, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু এবং বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব, পূর্ব-মধ্য, পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশে মৌসুমি বায়ুর বিস্তার আরও বাড়বে।
বুধবার কেরলমে সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলম এবং ত্রিশূর জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে তিরুবনন্তপুরম, কোল্লাম, পাথানামথিট্টা, ইডুক্কি, পালাক্কাড়, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাড়, কন্নুর এবং কাসারগোড় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।
সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে কেরলমের সরকার এবং রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাহাড়ি এলাকা, ভূমিধসপ্রবণ অঞ্চল এবং নিম্নভূমিতে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ভূমিধস,আকস্মিক বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরকারি নির্দেশিকা মেনে চলতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার সম্ভাবনা থাকায় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। মৎস্যজীবী, পর্যটক এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য