আগামীকাল বৃহস্পতিবার শিলঙে এনইসি-র ৭৩-তম পূর্ণাঙ্গ অধিবেশন, আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ ও ডোনারমন্ত্রী সিন্ধিয়া
শিলং, ৩ জুন (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার মেঘালয়ের রাজধানী শিলঙে উত্তরপূর্ব পরিষদ (নর্থ-ইস্ট কাউন্সিল বা এনইসি)-এর বৈঠকে যোগদান করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ। আসবেন ‘ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন’ (ডোনার) দফতরের মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ফাইল ফটো)


শিলং, ৩ জুন (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার মেঘালয়ের রাজধানী শিলঙে উত্তরপূর্ব পরিষদ (নর্থ-ইস্ট কাউন্সিল বা এনইসি)-এর বৈঠকে যোগদান করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ। আসবেন ‘ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন’ (ডোনার) দফতরের মন্ত্রী তথা এনইসি-র উপ-সভাপতি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের বহু শীর্ষ আধিকারিক। আজ বুধবার এ খবর দিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানান, আজ (বুধবার) রাত প্রায় নয়টা (৯.০০) নাগাদ শিলং পৌঁছবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিকে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আগামীকাল অনুষ্ঠেয় উত্তরপূর্ব পরিষদের ৭৩-তম পূর্ণাঙ্গ অধিবেশনে পর্যটন, কৃষি, উদ্যানপালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদনে স্বনির্ভরতা, ক্রীড়া উন্নয়ন, অর্থনৈতিক করিডর প্রকল্প, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থা, হস্ততাঁত ও হস্তশিল্পের প্রসার ইত্যাদি বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পূর্ণাঙ্গ অধিবেশনের আগে আজ বুধবার অনুষ্ঠিত এক প্রস্তুতি বৈঠকে বাঁশ ও আগর উন্নয়ন, অষ্টলক্ষ্মী দর্শন প্রকল্প এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির উন্নয়নে গঠিত মুখ্যমন্ত্রী-নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের টাস্কফোর্সগুলির কাজের অগ্রগতি অনুষ্ঠেয় অধিবেশনে মূল্যায়ন করা হবে।

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প এবং কর্মসূচিও পর্যালোচনার আওতায় আসবে। এর মধ্যে রয়েছে নর্থইস্ট ইনভেস্টমেন্ট সামিট ও ব্যাংকার্স কনক্লেভের ফলাফল, যুব-কেন্দ্রিক উদ্যোগ, লজিস্টিক্স প্রকল্প, পর্যটন প্রসার এবং অঞ্চলভিত্তিক ইউনিক সেলিং প্রপোজিশন প্রকল্প।

অধিবেশনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে নর্থইস্ট ভিশন প্ল্যান ২০৪৭। দীর্ঘমেয়াদি এই রূপরেখার লক্ষ্য হলো, ভারতের স্বাধীনতার শতবর্ষে উত্তর-পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নত যোগাযোগ, উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং সাংস্কৃতিক বিকাশের অন্যতম কেন্দ্রে পরিণত করা।

অধিবেশনে এনইসি-র সদস্যরা আঞ্চলিক অগ্রাধিকার বিষয়ক মতামত তুলে ধরার পাশাপাশি আন্তঃরাজ্য সহযোগিতা আরও শক্তিশালী করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করবেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, ১৯৭২ সালের ৭ নভেম্বর এনইসি গঠন হওয়ার পর অটলবিহারী বাজপেয়ী সরকার ২০০১ সালের সেপ্টেম্বরে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে ‘ডেভেলপমেন্ট অব নর্থইস্ট রিজিওন’ (ডোনার) মন্ত্রক নামে এক পৃথক দফতর গঠন করেছিলেন। এনইসি উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্যে বহু পরিকাঠামো প্ৰকল্প এবং অন্যান্য উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে দ্রুত এগিয়ে চলেছে। তদানীন্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর দূরদর্শীতার বলে কেন্দ্রীয় সরকারের অধীনে ডোনার মন্ত্রক দুরন্ত গতিতে কাজ করছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande