
কলকাতা, ৩ জুন (হি. স.) : আগেই অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে। এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। বুধবার এ ব্যাপারে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মুখ্যমন্ত্রী জানান, তিন মাস ধরে প্রক্রিয়া চলবে, আবেদনপত্র পূরণ করুন। যাচাই হবে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ৭ দিন অন্তর হবে তালিকা সংশোধন।
তিনি বলেন, নতুন আবেদনপত্র আনার কারণ, এসআইআরের পর দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তারাও পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নানা প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন।
অগ্নিমিত্রা জানান, আজ থেকে ব্যাঙ্কে এই যোজনার টাকা দেওয়া শুরু হয়ে যাবে। প্রথমে মনে হয়েছিল আবেদনপত্র লাগবে না। কিন্তু যাচাই পর্বে দেখা যায় হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল আগে। তাই আবেদনপত্র আনতে হয়েছে।
রাজ্যের মহিলাদের জন্য বিশেষ প্রকল্প 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে এদিন বিস্তারিতভাবে নবান্নে জানানো হয় ভিডিও-র মাধ্যমে। কীভাবে আবেদনপত্র পূরণ করতে হবে, কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সব তথ্যই আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত