কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র ত্রিপুরা সফর ঘিরে নিরাপত্তার চাদরে আগরতলা
আগরতলা, ৩ জুন (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ত্রিপুরা সফরকে সামনে রেখে রাজধানী আগরতলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সফরসূচি অনুযায়ী
ট্রায়াল রান আগরতলায়


আগরতলা, ৩ জুন (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ত্রিপুরা সফরকে সামনে রেখে রাজধানী আগরতলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি রাজ্যে পৌঁছাবেন এবং শুক্রবার একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন।

বুধবার আগরতলায় ভিআইপি রোডে বিশেষ নিরাপত্তা মহড়া হিসেবে পুলিশ ভ্যানের ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। রাজ্য অতিথিশালা থেকে পুরাতন রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেস পর্যন্ত এই ট্রায়াল রান পরিচালনা করা হয়। এ সময় কিছুক্ষণের জন্য ভিআইপি রোডে যান চলাচল বন্ধ রাখা হলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর যাতায়াতের রুট এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করতেই এই ট্রায়াল রান আয়োজন করা হয়। শহরের ভিআইপি রোডের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ পিকেট বসানো হয়েছে। এছাড়াও বিভিন্ন মোড় ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার মেঘালয়ের শিলংয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় পরিষদের (এনইসি) প্লেনারি বৈঠকে অংশগ্রহণ শেষে সেনাবাহিনীর বিশেষ বিমানে আগরতলায় পৌঁছবেন অমিত শাহ। রাজ্যে অবস্থানকালে তিনি একাধিক সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন।

শুক্রবার আগরতলায় ঐতিহাসিক পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে প্রস্তাবিত পুষ্পবন্ত প্যালেস হোটেল প্রকল্পের ভূমিপূজন অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

এদিন পুষ্পবন্ত প্যালেসের সামনে দায়িত্বপ্রাপ্ত জনৈক পুলিশ আধিকারিক জানান, ভিভিআইপি সফরের আগে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাই এবং রুট মুভমেন্ট নিশ্চিত করতেই ট্রায়াল রান পরিচালনা করা হয়েছে। সফরকালীন সময়ে নিরাপত্তার ক্ষেত্রে কোনও রকম ফাঁকফোকর না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত সফরকে কেন্দ্র করে লঙ্কামুড়া সীমান্ত এলাকাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার তিনি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া এবং লঙ্কামুড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করবেন। সীমান্ত এলাকায় নিরাপত্তা, নজরদারি এবং অবকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখার কথা রয়েছে তাঁর।

পরে শালবাগানে বিএসএফ সদর দফতরে সীমান্ত ব্যবস্থাপনা, অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহের এই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনার পাশাপাশি রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande