তেলিয়ামুড়ায় বাইক দুর্ঘটনা যুবকের মৃত্যু
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩ জুন (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়ায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনৈক যুবক। মৃত যুবকের নাম সাগর সরকার (২৬)। তিনি তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, লোকনাথ বাবার উৎসব উপলক্ষে এলাকার এ
মৃতদেহ উদ্ধার


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৩ জুন (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়ায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনৈক যুবক। মৃত যুবকের নাম সাগর সরকার (২৬)। তিনি তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, লোকনাথ বাবার উৎসব উপলক্ষে এলাকার এক বন্ধুর বাড়িতে লোকনাথ বাবার মূর্তি পৌঁছে দিতে কয়েকজন বন্ধুর সঙ্গে বাইকে করে গিয়েছিলেন সাগর সরকার। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরার পথে তেলিয়ামুড়া-গিলাতলী সড়কের নয়নপুর এলাকায় তাদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন সাগর।

স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রত্যক্ষ করে দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত সাগর সরকারকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

বুধবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সাগর সরকারের মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বাইক দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তেলিয়ামুড়া মহকুমায় একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। ফলে এলাকায় সড়ক নিরাপত্তা ও বেপরোয়া যান চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande