
আগরতলা, ৩ জুন (হি.স.) : সমাজের বৃহত্তর স্বার্থে স্বেচ্ছায় রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বুধবার আগরতলায় রামনগর এলাকার রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান।
এদিন ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার, রামকৃষ্ণ ক্লাবের সভাপতি নির্মল বর্ধন রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সূচনায় মুখ্যমন্ত্রী একটি চারা গাছে জল ঢেলে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের এই মানবিক উদ্যোগের জন্য অভিনন্দন জানান। তিনি রক্তদাতাদের উৎসাহিত করে বলেন, রক্তদান একটি মহৎ সামাজিক দায়িত্ব। একজন মানুষের জীবন বাঁচাতে রক্তের কোনও বিকল্প নেই। তাই সমাজের বৃহত্তর কল্যাণে সকল সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের একজন মানুষও যেন রক্তের অভাবে প্রাণ না হারান, সেই লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বেচ্ছায় রক্তদান মানবসেবার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম।”
তিনি আরও জানান, রাজ্যের জনসংখ্যার অনুপাতে প্রতি বছর প্রায় ৪০ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়। ত্রিপুরার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত রক্তদানের মাধ্যমেই এই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, রক্তের অভাবে ত্রিপুরায় কারও মৃত্যুর নজির নেই, যা রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
এদিনের রক্তদান শিবিরে প্রায় ৫০ জন ক্লাব সদস্য ও সদস্যা স্বেচ্ছায় রক্তদান করেন। তাঁদের মধ্যে একজন বিশেষভাবে সক্ষম যুবতীর অংশগ্রহণ বিশেষভাবে সকলের নজর কাড়ে। মুখ্যমন্ত্রী তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এই উদ্যোগ সমাজের অন্যান্য বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে এবং মানবসেবার কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রক্তদাতাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে অনুষ্ঠিত এই রক্তদান শিবির এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকদের আশা, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষ স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করে মানবকল্যাণের এই মহৎ উদ্যোগকে আরও শক্তিশালী করে তুলবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ