
কলকাতা, ৩০ জুন (হি.স.): সোমবার রাতে বোস্টন স্টেডিয়ামে শেষ ৩২–এর ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে নকআউটে প্রথম চমক দেখাল প্যারাগুয়ে। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে রাউন্ড অব ১৬–এ জায়গা করে নিল প্যারাগুয়ে।
নির্ধারিত সময়ের খেলায় ম্যাচ ছিল ১-১। এরপর নাটকীয়তায় ভরা টাইব্রেকারে শেষ হাসি হেসেছে প্যারাগুয়ে।
বিশ্বকাপে এই প্রথমবার টাইব্রেকারে হেরে গেল জার্মানি। এর আগে চারবার টাইব্রেকারে যাওয়া ম্যাচে প্রতিবারই জয় পেয়েছিল জার্মানরা। এবার আর হল না। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্বে বাদ পড়া জার্মানির দৌড় এবার থামল নকআউট পর্বের প্রথম ম্যাচেই।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট অধিকাংশ সময় বল জার্মানির দখলেই ছিল। পুরো ম্যাচে মাত্র ২৫ শতাংশ বল পজেশন ছিল প্যারাগুয়ের। জার্মানি ২১ শটের ৭টি লক্ষ্যে রাখতে পারলেও প্যারাগুয়ে ৭ শটের মাত্র ৪টি লক্ষ্যে রাখতে পেরেছে।
তবে প্যারাগুয়েই ম্যাচে প্রথম লিড নেয় প্রথমার্ধের ৪২ মিনিটে। হুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর সমতায় ফেরে জার্মানি। ৫৪ মিনিটে প্যারাগুয়ের জালে পাঠান হাভার্টজ। বাকি সময়টা অনেক চেষ্টা করেও প্যারাগুয়ের রক্ষণভাগে ভাঙন ধরাতে পারেনি জার্মানি। অতিরিক্ত সময়েও ম্যাচ থাকে ১-১।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি