নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
কলকাতা, ৩০ জুন (হি.স.): প্রবল চাপের মধ্যে ঠাণ্ডা মাথায় শেষ শটটি জালে জড়ালেন ইসমাইল সাইবারি। রুদ্ধশ্বাস টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোয় পা রাখল মরক্কো। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ গোলে সম
নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো


কলকাতা, ৩০ জুন (হি.স.): প্রবল চাপের মধ্যে ঠাণ্ডা মাথায় শেষ শটটি জালে জড়ালেন ইসমাইল সাইবারি। রুদ্ধশ্বাস টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোয় পা রাখল মরক্কো। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিতে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ গোলে সমতায়। টাইব্রেকারে মরক্কো জিতে যায় ৩-২ গোলে।

নির্ধারিত সময়ের ৭২ মিনিটে গোল করেন কোডি গাকপো। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে মরক্কোকে সমতায় ফেরান ইসা জিওপ। অতিরিক্ত সময়ও শেষ হয় ১-১ গোলে। ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারের প্রথম শট নেন কুপমাইনার্স। তার শট ডান পাশের পোস্ট দিয়ে জালে জড়ায়। মরক্কো গোলরক্ষক ইয়াশিন বুনো একই দিকে ঝাঁপালেও বল আটকাতে পারেননি। এতে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

মরক্কোর পক্ষে প্রথম শট নেন নেইল এল আইনানুই। তবে তার শট বাইরে যায়, সমতা ফেরাতে পারেনি মরক্কো। এরপর নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্টও মিস করেন। পরের শটে সুফিয়ান রাহিমির শট ভেরব্রুগেনের হাতে লেগেও জালে জড়িয়ে যায়। স্কোর দাঁড়ায় ১-১। এরপর ভের্গহর্স্টের শট জালে জড়ালে নেদারল্যান্ডস আবার এগিয়ে যায়। তবে মরক্কোর তালবিও সফল হন স্পট কিকে। ফলে স্কোর হয় ২-২।

এরপর নেদারল্যান্ডসের কুইন্টেন টিম্বার শট মিস করেন। মরক্কোর এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, তবে আশরাফ হাকিমিও মিস করেন। তার শট বাঁ দিকের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। স্কোর থাকে ২-২।

এরপর নেদারল্যান্ডসের সামারভিলের শট আটকে দেন বুনো। এতে ম্যাচ পয়েন্ট পায় মরক্কো। শেষ শটে ইসমাইল সাইবারি ব্যর্থ হননি। তার শট জালে জড়াতেই ৩-২ গোলে পেনাল্টি শ্যুটআউট জিতে নেয় মরক্কো। গেল বারের সেমিফাইনালিস্টরা এবার চলে যায় প্রতিযোগিতার শেষ ষোলয়।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande