
ঝাড়গ্রাম, ১ জুলাই (হি.স.) : শিলদার ইন্দিরা চক (সাবেক নিমতলা চক)-এ স্থাপিত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৪১ বছরের পুরনো মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে একটি ভারী পণ্যবাহী লরি মূর্তির বেদিতে ধাক্কা মারায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
স্থানীয়দের দাবি, বাঁকুড়াগামী লরিটি ভুলবশত ঝাড়গ্রামের দিকের রাস্তায় ঢুকে পড়ে। পরে গাড়িটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মূর্তির বেদিতে ধাক্কা লাগে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।
ঘটনার পর কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের দাবি, অতীতেও একাধিকবার ওই মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তদন্ত শেষ হওয়ার আগে ঘটনাটিকে শুধুমাত্র দুর্ঘটনা বলে ধরে নেওয়া উচিত নয়।
বুধবার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য সুব্রত ভট্টাচার্য বলেন, মূর্তিটিকে রাস্তার মাঝখান থেকে নিরাপদ স্থানে সরানোর বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি নতুন একটি মূর্তি স্থাপনের বিষয়েও ভাবনা-চিন্তা চলছে। কীভাবে লরিটি মূর্তিতে ধাক্কা মারল, সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানান তিনি।
অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, এটি একটি সাধারণ দুর্ঘটনা। তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে কোনও চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো