কাছাড়ের লক্ষ্মীপুরে পরপর দুটি সড়ক দুর্ঘটনা, আহত পুলিশ অফিসার সহ পাঁচ
শিলচর (অসম), ১ জুলাই (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুরে পর পর দুটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ আধিকারিক সহ পাঁচজন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাস্থলে তদন্তে ব্যস্ত পুলিশকর্মী ও জমায়েত সাধারণ মানুষের ভিড়ে এটি দুরন্ত গাড়ি ঢুকে পড়লে দ্বিতীয় দুর্
কাছাড়ের লক্ষ্মীপুরে পরপর দুটি সড়ক দুর্ঘটনা, আহত পুলিশ অফিসার সহ পাঁচ


শিলচর (অসম), ১ জুলাই (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুরে পর পর দুটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ আধিকারিক সহ পাঁচজন আহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাস্থলে তদন্তে ব্যস্ত পুলিশকর্মী ও জমায়েত সাধারণ মানুষের ভিড়ে এটি দুরন্ত গাড়ি ঢুকে পড়লে দ্বিতীয় দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

পুলিশ সূত্রের খবর, প্রথম দুর্ঘটনাটি ঘটে শিবটিলা এলাকার কাছে শিলচর-ইমফল জাতীয় সড়কে। এএস ১১ ভিও ০৪০১ নম্বরের একটি পালসার ডোমিনার মোটরবাইক শিলচরের দিক থেকে দ্রুতগতিতে আসার সময় রাস্তার ধারে হাঁটছিলেন জনৈক আব্দুল হালিম নামের ব্যক্তি। মোটরবাইকটি তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনায় মোটরবাইক আরোহী আকাশ সিংও সামান্য আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত দুজনকে উদ্ধার করে ইআর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে আব্দুল হালিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশ যখন তদন্ত করছিল, তখন দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, শিলচরের দিক থেকে দ্রুতগতিতে আগত এএস ০১ এফটি ৩৯৮৭ নম্বরের একটি কালো রঙের থার গাড়ি ঘটনাস্থলে তদন্তকারী পুলিশ এবং সাধারণ মানুষের ভিড়ে ঢুকে যায়।

এই ঘটনায় লক্ষ্মীপুর থানার সাব-ইনস্পেক্টর দীপককুমার চৌহান এবং দুই পথচারী যথাক্রমে এনাম উদ্দিন ও আব্দুল কাসেম গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। আহত তিনজনকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এনাম উদ্দিন ও আব্দুল কাসেমের অবস্থা আশঙ্কাজনক।

এর পর স্থানীয় বাসিন্দারা থার গাড়িটিকে ধাওয়া করে আটক করে চালককে পুলিশের হাতে তুলে দেন। ধৃত চালকের নাম সুরজ সিনহা। তিনি মণিপুরের বাসিন্দা।

পরপর দুটি দুর্ঘটনার জেরে এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। লক্ষ্মীপুর থানার পুলিশ উভয় ঘটনার পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande