রামনগর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনার পর সর্বদলীয় বৈঠক, অভিযোগ তদন্তের আশ্বাস বিধায়কের
নদীয়া, ১ জুলাই (হি. স.): রানাঘাট থানার অন্তর্গত রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবারের উত্তেজনাপূর্ণ ঘটনার পর বুধবার পরিস্থিতি স্বাভাবিক করতে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম কুমার বিশ্বাসের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয
সর্বদলীয় বৈঠক


নদীয়া, ১ জুলাই (হি. স.): রানাঘাট থানার অন্তর্গত রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবারের উত্তেজনাপূর্ণ ঘটনার পর বুধবার পরিস্থিতি স্বাভাবিক করতে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম কুমার বিশ্বাসের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনের আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধিরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মঙ্গলবার স্বজনপোষণ, সরকারি আবাস প্রকল্পে অনিয়ম, সরকারি ঘর থেকে বঞ্চিত করা, জমি দখলের অভিযোগ, প্রধান ও উপপ্রধানের পদত্যাগের দাবির পাশাপাশি এক সরকারি কর্মীর উপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ মোতায়েন করা হয়।বৈঠকে বিজেপির প্রতিনিধিরা আবাস প্রকল্পে অনিয়ম, স্বজনপোষণ ও জমি দখল-সহ একাধিক দুর্নীতির অভিযোগ বিধায়কের সামনে তুলে ধরেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারি কর্মীর উপর ডিম নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করা হয়।উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিধায়ক অসীম কুমার বিশ্বাস জানান, উত্থাপিত প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি বিশ্বাস তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তিনি আইনানুগ ব্যবস্থা মেনে নেবেন। ডিম নিক্ষেপের শিকার সরকারি কর্মীও ঘটনার তদন্তের দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande