চুরি ও ডাকাতির ছক ভেস্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের জালে ৬ জন
জলপাইগুড়ি, ১ জুলাই (হি. স.): চুরি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পরশু ফুলবাড়ি এলাকার একটি কারখানা থ
গ্রেফতার ছয়


জলপাইগুড়ি, ১ জুলাই (হি. স.): চুরি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক দুটি অভিযানে মোট ছয়জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পরশু ফুলবাড়ি এলাকার একটি কারখানা থেকে বেশ কিছু তামার তার চুরি যায়। ঘটনায় নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে ফুলবাড়ির চেংরাবান্ধা এলাকা থেকে অবিনাশ ওরাও এবং বিকি ওরাওকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি। তাদের বাড়ি থেকে প্রায় ৩ কেজি ৭০০ গ্রাম তামার তার উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১০ থেকে ১২ হাজার টাকা।অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সেন্ট্রাল কলোনির উঁচামাঠ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে খবর ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও বিশাল ঘোষ, সঞ্জয় সরকার, তাপস দে এবং গোবিন্দ পাশওয়ানকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুই ঘটনাতেই পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande