
গুয়াহাটি, ১ জুলাই (হি.স.) : অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)-এর সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যের ছয়টি জেলার ৪৬,৯৩৮ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, বন্যার কাদামাটির জলে প্লাবিত ৩,৮০৯ হেক্টরের বেশি কৃষিজমি। এছাড়া ধেমাজিতে বন্যার জলে পড়ে জনৈক মহিলার মৃত্যু হয়েছে।
বন্যার প্রভাবে ধেমাজি, নলবাড়ি, ডিব্রুগড়, চিরাং, লখিমপুর এবং বিশ্বনাথ জেলার ১০টি রাজস্ব চক্র এবং ২২১টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধেমাজি জেলা। ধেমাজিতে ৪৫,৮৪১ জন মানুষ বন্যার কবলে পড়েছেন।
এএসডিএমএ জানিয়েছে, অসমে চলতি বছরের প্রথম বন্যায় একজনের মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। ধেমাজি জেলার চিচিবরগাঁও এলাকায় জনৈক মহিলা বন্যার জলে ডুবে মারা গেছেন।
অপরাহ্নে প্রকাশিত এএসডিএমএ-এর বুলেটিনে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও দিসাং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যার জেরে রাজ্যের বিভিন্ন স্থানে রাস্তাঘাট সহ অন্যান্য পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ৪৫০ জনের বেশি বাস্তুচ্যুত মানুষ চারটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ছয়টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে।
বন্যার প্রভাব গবাদি পশুর ওপরও পড়েছে। রাজ্যজুড়ে ৮৮ হাজারের বেশি পশু এবারের প্রথম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস