
কলকাতা, ১ জুলাই (হি. স.) : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজ্যজুড়ে পালিত হলো পশ্চিমবঙ্গের রূপকার ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী। বুধবার সকালে পশ্চিমবঙ্গ বিধানসভার লবিতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। এরপর অধ্যক্ষ এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে সমাজ মাধ্যমে লিখেছেন, আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতরত্ন, প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি জানালাম। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও জনসেবার অমলিন দৃষ্টান্ত আমাদের সকলের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত