
মেমারী (পূর্ব বর্ধমান), ১ জুলাই (হি. স.): পূর্ব বর্ধমানের মেমারীতে বিজেপি বিধায়ক মানব গুহের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেমারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কার্যালয়ে উপস্থিত বিজেপি কর্মীদের অভিযোগ, একদল দুষ্কৃতী আচমকাই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। তাঁদের দাবি, এই ঘটনার পিছনে বিজেপিরই একাংশের মদত রয়েছে। অভিযোগ অনুযায়ী, বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠদের সহায়তায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীর পরিচয়ে এই হামলা চালিয়েছে।বিজেপি কর্মীদের আরও অভিযোগ, হামলার সময় কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি, পঞ্চায়েতের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নথি ও ফাইলও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে।তবে এই ঘটনায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাঁদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়