
বাকসা (অসম), ১ জুলাই (হি.স.) : ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন’ (বিটিআর)-এর অন্তর্গত বাকসা জেলায় উন্নয়নমূলক কাজকর্মে পর্যালোচনা করেছেন ‘বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল’ (বিটিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) হাগ্রামা মহিলারি।
আজ বুধবার মুসলপুর সাংস্কৃতিক প্রকল্পে অনুষ্ঠিত বিস্তৃত পর্যালোচনা বৈঠকে হাগ্রামা মহিলারি বাকসা জেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং পরিকাঠামো নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন। পূর্ত (সড়ক), পূর্ত (গৃহ), পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পুরসভা (নগরোন্নয়ন) বিভাগ সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের কাজ ও অগ্রগতির বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।
এছাড়া পঞ্চদশ অর্থ কমিশন এবং ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের অধীনে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে বৈঠকে। পরিকাঠামো প্রকল্পগুলির বর্তমান অবস্থা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রকল্প যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (এনএসএপি), মনরেগা (এমজিএনরেগা), বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) [ভিবি-জি রাম (জি)], অসম মালা এবং পুরপর্ষদগুলির অধীনে বিভিন্ন নগরোন্নয়নমূলক উদ্যোগের বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
জেলার সামগ্রিক উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বিটিসি-প্রধান হাগ্রামা বলেন, সাধারণ মানুষ যাতে সর্বাধিক সুবিধা পান, সেজন্য চলমান সমস্ত প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা, নির্মাণের গুণগত মান বজায় রাখা এবং কার্যকর তদারকির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
হাগ্রামা মহিলারি সকল বিধায়ক এবং এমসিএলএদের উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ও অগ্রগতির ওপর নিয়মিত নজরদারি রাখতে এবং মাঠ পর্যায়ে পরিদর্শন চালানোর নির্দেশ দিয়েছেন। হাগ্রামা জানান, তিনি নিজেও বিভিন্ন প্রকল্পস্থল পরিদর্শন করে কাজের মান এবং অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করবেন।
এছাড়া জবাবদিহিতা নিশ্চিত করা, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এবং যে কোনও সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের পর্যালোচনা বৈঠক নিয়মিতভাবে আয়োজন করা হবে বলেও আজ ঘোষণা করেছেন হাগ্রামা মহিলারি।
বিটিসি-প্রধান মহলারি সকল আধিকারিক ও কর্মচারীকে নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা যায় এবং সমগ্র ‘বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন’-এর পরিকাঠামো আরও শক্তিশালী হয়ে ওঠে।
আজকের পর্যালোচনা বৈঠকে ছিলেন বিধায়ক থানেশ্বর বসুমতারি, বিধায়ক মনেশ্বর ব্রহ্ম, কার্যনির্বাহী সদস্য বেগম আখতারা ও অগাস্টুস টিগ্গা, বিটিসিসচিব তথা বাকসা জেলার ভারপ্রাপ্ত আধিকারিক মানস দাস, ডিআরডিএ-র প্রকল্প অধিকর্তা বাহারুল ইসলাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস