
উত্তর ২৪ পরগনা, ১ জুলাই (হি.স.): বনগাঁর একটি পানশালায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের ভাই মলয় আঢ্যকে। মঙ্গলবার রাতে শিমুলতলায় তাঁর বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। জানা গেছে, ডাকাতির ঘটনাটি ঘটেছিল গত রবিবার রাতে। অভিযোগ, মলয় আঢ্য বেশ কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে সশস্ত্র অবস্থায় আচমকাই ওই পানশালায় চড়াও হয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে পানশালার ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্রও লুট করে বল অভিযোগ। লুটপাটের পাশাপাশি পানশালার কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলেও অভিযোগ।
ঘটনার পর পানশালা কর্তৃপক্ষের তরফে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মঙ্গলবার রাতেই শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে মলয় আঢ্যকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ