
কলকাতা, ১ জুলাই (হি. স.): ভারতের প্রখ্যাত চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার কলকাতার বিধান ভবনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। অনুষ্ঠানে ডা. রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।অনুষ্ঠানে বক্তারা ডা. বিধানচন্দ্র রায়ের চিকিৎসা, প্রশাসন ও জনসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ আজও সমাজের কাছে সমানভাবে প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভঙ্কর সরকার রাজ্যের একাধিক সমসাময়িক বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, রাজ্য বাজেটে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা ঘোষিত উপভোক্তার তুলনায় পর্যাপ্ত নয়। সরকারের ঘোষণার সঙ্গে বাজেট বরাদ্দের অসঙ্গতি রয়েছে বলেও তাঁর অভিযোগ।পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ ও তাঁর স্বামীর বিরুদ্ধে মন্দিরের প্রণামী বাক্সের চাবি চাওয়ার অভিযোগ প্রসঙ্গেও তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তাঁর বক্তব্য, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এবং ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ অনুচিত।ডা. বিধানচন্দ্র রায়ের আদর্শ অনুসরণ করে জনস্বার্থে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়